মঙ্গলবার

৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নিজের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা, অভিনন্দনের বিলবোর্ড সরাতে প্রধানমন্ত্রীর কড়া নির্দেশ

🕙 প্রকাশিত : ৩ মার্চ, ২০২৬ । ৮:৫৫ পূর্বাহ্ণ

রাজধানীর বিভিন্ন সড়কে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো সব ধরনের ডিজিটাল বিলবোর্ড, ব্যানার ও বিজ্ঞাপনী প্রদর্শনী দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ব্যক্তিগত প্রচারণা বা স্তুতি নয়, সরকারি কাজের বাস্তব অগ্রগতিকে প্রাধান্য দেওয়ার কথা উল্লেখ করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে বলেন।

মঙ্গলবার (৩ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, সকালে গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবি সংবলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিক বিরক্তি প্রকাশ করেন সরকারপ্রধান। পরে সেটি দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হলে সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হয়।

প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো কোম্পানি বা ব্যক্তি যেন তাকে অভিনন্দন জানিয়ে বিলবোর্ডে তার ছবি ব্যবহার না করেন। এর আগেও কয়েক দিন আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি স্ক্রিনে অভিনন্দন বার্তা প্রদর্শিত হতে দেখে তিনি তা বন্ধের নির্দেশ দেন।

প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী মনে করেন—সরকারি কার্যক্রমের প্রচারের চেয়ে ব্যক্তিকেন্দ্রিক স্তুতিমূলক প্রচারণা নিরুৎসাহিত করা উচিত। সুশাসন ও জনকল্যাণমূলক কাজই সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত বলে তিনি মত দেন।

এদিকে, মঙ্গলবার সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে নিজ কার্যালয়ে উপস্থিত হয়ে দিনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। সেখানে কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন তিনি। জলদস্যুতা রোধ, মানবপাচার ও অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

দেশের মৎস্যসম্পদ রক্ষা ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতে কোস্টগার্ডকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সামুদ্রিক সীমানায় স্থিতিশীলতা বজায় রাখতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

রাজধানীর যানজট পরিস্থিতি নিয়েও প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ভিআইপি প্রটোকল বা রাস্তা বন্ধ না করে সাধারণ ট্রাফিক সিগন্যাল মেনে চলায় যান চলাচলের গতি বেড়েছে। গত ১৪ দিনের পরিসংখ্যান অনুযায়ী, আগে রাজধানীর গড় গতিবেগ ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩ কিলোমিটারে।

এ ছাড়া বাজার পরিস্থিতি নিয়েও সরকারপ্রধান সজাগ রয়েছেন। প্রান্তিক মানুষের প্রধান খাদ্য ‘মোটা চাল’-এর দাম বৃদ্ধির খবর নজরে আসার পর তিনি খাদ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশনার পর খুচরা বাজারে চালের দামে ইতিবাচক প্রভাব পড়েছে বলে জানানো হয়।

জনদুর্ভোগ কমাতে কৃত্রিম সংকট সৃষ্টির যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনকে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ