বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে প্রকাশিত ফলাফলে তার নাম দেখা যায়।
বাংলাদেশ বার কাউন্সিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার ফল প্রকাশ করে। এতে মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের তালিকায় রয়েছেন জাইমা রহমানও।
এমসিকিউ পরীক্ষায় পাস করার বিষয়টি জাইমা রহমান নিজেই তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নিশ্চিত করেছেন। এক পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”
জানা গেছে, রাজধানীর বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন তিনি। শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৩৭ হাজার ৮০ জন প্রার্থী। এর মধ্যে ৯ হাজার ২০১ জন পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হয়— এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষা। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পর একজন প্রার্থী আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।
সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারেন। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশায় অংশ নিতে আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
আইনজীবী তালিকাভুক্তি সংক্রান্ত নীতিমালা, সিদ্ধান্ত ও সার্বিক দিকনির্দেশনার দায়িত্ব পালন করে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি।

