বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ভাবি-ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজন গ্রেপ্তার

🕙 প্রকাশিত : ৩ জুন, ২০২৬ । ১২:৫৮ অপরাহ্ণ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে সংঘটিত চাঞ্চল্যকর ভাবি ও ভাতিজা হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (৩ জুন) পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম-সেবা) এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার প্রধান আসামি মো. ইউসুফ মোল্লা (৪২) এবং হত্যাকাণ্ডের সহযোগী পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত মো. সুমন হোসেন (২৩)।

পুলিশ জানায়, গত ৩০ মে রাত ৮টা থেকে ১০টার মধ্যে পারিবারিক বিরোধের জেরে ইউসুফ মোল্লা তার বড় ভাইয়ের স্ত্রী আমেনা খাতুন (৩২) ও ১৫ মাস বয়সী ভাতিজা আসলাম হোসেন আসাদকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করেন। এ সময় বড় ভাই আব্দুস সালাম মোল্লাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর নিহত আমেনা খাতুনের স্বজনরা দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করলে ৩১ মে পেনাল কোডের ৩০২, ৩০৭ ও ৩২৫ ধারায় মামলা রুজু করা হয়।

মামলার গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মানবেন্দ্র বালোর তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে গত ২ জুন রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মহানগরের শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে ইউসুফ মোল্লা ও সুমন হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউসুফ মোল্লা পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এছাড়া সুমন হোসেন হত্যার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।

পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি হাতুড়িও উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ