বুধবার

৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেবিদ্বার হাসপাতালে হঠাৎ এমপি হাসনাতের অভিযান, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে শোকজ

🕙 প্রকাশিত : ৩ জুন, ২০২৬ । ৭:০৯ পূর্বাহ্ণ

কুমিল্লার দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে পাঁচ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান এমপি হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি যাচাই করেন।

পরিদর্শনকালে হাসপাতালের কর্মরত ২৬ জন চিকিৎসকের মধ্যে পাঁচজনকে দায়িত্বস্থলে অনুপস্থিত পাওয়া যায়। এতে বিস্ময় ও অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য।

অনুপস্থিত চিকিৎসকরা হলেন— মেডিক্যাল অফিসার ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. শামীম কাউছার, ডা. শিমুল রানী দত্ত, কনসালটেন্ট ডা. শরীফ উদ্দিন আহমেদ এবং মেডিসিন কনসালটেন্ট কাজী আয়শা সিদ্দিকা।

এ সময় হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন এমপি হাসনাত। তিনি চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ এবং চিকিৎসকদের উপস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। রোগীদের নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত কর্মস্থলে উপস্থিত থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ বলেন, সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সময়ে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিত থাকা বাধ্যতামূলক। পরিদর্শনের সময় অনুপস্থিত পাঁচ চিকিৎসকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকেও জানানো হবে।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মহিবুস ছালাম জানান, অভিযুক্ত চিকিৎসকদের আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ