আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মানিকগঞ্জে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক মহড়া এবং আলোচনা সভা হয়েছে। আজ (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে মহড়া পরিচালনা করে মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।
দুর্যোগের ঝুঁকি হ্রাস, দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের প্রতিপাদ্য— ‘আমরা শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. লুৎফর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ আলী শাহরিয়ার, বাসিরা সুলতানা ও মো. শায়খ শিহাব উদ্দীন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলী নুর, মানিকগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া, সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দীন।
দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার ওপর এ দিবসে গুরুত্ব দেওয়া হয়।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।









