শিরোনাম
Advertisement
সারাদেশ

দৌলতপুরে যমুনা নদীতে অভিযান: ৯ হাজার মিটার কারেন্ট ও ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস

Advertisement
দৌলতপুরে যমুনা নদীতে জব্দ করা অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় যমুনা নদীতে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধভাবে ব্যবহৃত ৯ হাজার মিটার কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল এবং প্রায় ৩০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়।

​শুক্রবার (০৯ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী। অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ উপজেলা মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, জব্দকৃত অবৈধ জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৩০ হাজার টাকা। পরে জব্দকৃত এসব জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এক অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে বিতরণ করা হয়েছে।

​উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী জানান, দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া এই মা ইলিশ সংরক্ষণ অভিযান আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে। মা ইলিশ রক্ষায় এবং ইলিশের উৎপাদন বাড়াতে নদীপথে অবৈধ মৎস্য আহরণবিরোধী এই কঠোর তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও সংবাদ