শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে জিআর চাল বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সংশ্লিষ্ট পূজামন্ডপ প্রতিনিধিদের হাতে ডিও তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক মৌসুমি খানম, মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সালাউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সহকারি কমিশনার (ভূমি) রিক্তা খাতুন, পিআইও মো. আলী নুরসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি, ‘খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘মানিকগঞ্জের সনাতন ধর্মাবলম্বীদের সাথে আমাদের আত্মীয়তার সম্পর্ক। তাঁরা আমার বাসায় গত ঈদের দাওয়াত খেয়েছেন। মানিকগঞ্জের সাম্প্রতিক সম্প্রীতি দেশের যেকোন জেলার তুলনায় ভালো রয়েছে। এটাকে ধরে রাখতে হবে।’
উল্লেখ্য, মানিকগঞ্জ সদর উপজেলার ১২৫টি পূজামন্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি জি আর চাল বরাদ্দ দেওয়া হয়েছে।





