শিরোনাম
Advertisement
সারাদেশ

সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

Advertisement
বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালিতে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার ব্যবহারের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে ব্যানারসহ আটক করে থানায় নিয়ে গেছে সাটুরিয়া থানা-পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিল্লি ইউনিয়নের তিল্লি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিদ্যালয় মাঠে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তিল্লি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়ার উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে একটি র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিদ্যালয় থেকে বের হয়ে তিল্লি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র‍্যালিতে একটি ব্যানার বহন করা হয়। ব্যানারে লেখা ছিল, ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’।
র‍্যালি শেষে তিল্লি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তাঁরা সাটুরিয়া থানা-পুলিশকে জানান।
খবর পেয়ে সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ব্যানারটি জব্দ করে এবং প্রধান শিক্ষক আবুল হাশেম ভূঁইয়াকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশের তথ্যমতে, আটক আবুল হাশেম ভূঁইয়া (৪৮) দৌলতপুর উপজেলার কুনিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ফুলতান ভূঁইয়া। পুলিশের দাবি, তিনি দৌলতপুর থানাধীন কুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হিসেবে দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিদ্যালয়ে র‍্যালি ও আলোচনা সভা আয়োজন নিয়ে তাঁদের আপত্তি ছিল না। তবে র‍্যালিতে ব্যবহৃত ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম থাকায় বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে আলোচনা শুরু হয়। পরে তাঁরা পুলিশকে বিষয়টি জানান।
এদিকে, বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক স্লোগান বা রাজনৈতিক ব্যক্তির নাম-সংবলিত ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়েও স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে।
সাটুরিয়া সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে আইনি পক্রিয়া শেষে আদালতে পাঠানোর পক্রিয়া চলছে।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রতিবছর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা সভা, র‍্যালি ও নানা কর্মসূচির আয়োজন করা হয়। তবে এবার তিল্লি উচ্চ বিদ্যালয়ের কর্মসূচিতে ব্যবহৃত ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ