মানিকগঞ্জের ঘিওরে এক কৃষকের পেঁপে বাগানের প্রায় ৪০ মন কাঁচা পেঁপে রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা । রবিবার (৪ অক্টোবর) রাতে উপজেলা সদরের পশু হাসপাতালের পেছনের ধলেশ্বরী নদীর উত্তরপাড় এলাকার নবনির্মিত আইসিটি ভবনের পূর্ব পাশের কৃষক সাদেক মিয়ার পেঁপে বাগানে এ ঘটনা ঘটে ।
কৃষক মোঃ সাদেক মিয়া ঘিওর উপজেলার ঘিওর সদর ইউনিয়নের নদীর উত্তরপাড় এলাকার মৃত বাচ্চু মিয়ার ছোট ছেলে । তিনি জানান, তার ৩০ শতাংশ গিরবি জমির ২৭০ টি পেঁপে গাছ থেকে ছোট ছোট আকারের প্রায় ৪০ মন কাঁচা পেঁপে কাস্তে দিয়ে কেটে এবং হাত দিয়ে ছিঁড়ে ফেলে রেখে গেছে । এছাড়াও তার রাখি করা প্রায় ৬ কেজি ওজনের ৫০ টি পেঁপে মধ্য থেকে ৪০টি মূল্যবান পেঁপে চুরি করে নিয়ে গেছে । সোমবার (৫ অক্টোবর) সকাল বেলা পেঁপে বাগানে গিয়ে তিনি কয়েকটি পেঁপে গাছসহ প্রায় ৪৯ মন কাঁচা পেঁপে ক্ষেতের বিভিন্ন জায়গায় এলোমেলো ছড়ানো অবস্থায় দেখতে পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়েন । তিনি জানান, তার স্বপ্ন ভেঙ্গে তছনছ হয়ে গেছে । সাজানো বাগান রাতের আঁধারে কে বা কারা তছনছ করে ফেলেছে । এতে তার আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে । এখন আবার নতুন করে ঘুরে দাঁড়াতে তার চরম বেগ পেতে হবে । তাই আর যাতে কেউ এ ধরনের অপরাধ করতে না পারে সেজন্য তিনি কৃষি বিভাগ সহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের হস্তক্ষেপ কামনাসহ এই অপকর্ম যারা করেছে তাদেরকে আটক করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি । তিনি আরো জানান, এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে ।
এদিকে কৃষক সাদেকের মা অজিফা খাতুন ছেলের এমন ক্ষতি দেখে কান্নায় ভেঙে পড়েছেন । মা অজিফা অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আশায় উপজেলা ও থানায় ঘুরা ঘুরি করছেন ।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ সহ অপরাধীকে বিচারের আওতায় আনার দোর দাবি জানিয়েছেন ।
উপজেলা কৃষি অফিসার তাহমিনা খাতুন ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকায় তার সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়নি । তবে এ বিষয়ে তিনি মুঠোফোনে এ ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন । পরে উপজেলা কৃষি অফিসের অন্যান্য কৃষি কর্মকর্তারা পেঁপে বাগান পরিদর্শন করেছেন ।
উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম বলেন, এটা থানার আইনগত বিষয় । তিনি থানায় যোগাযোগ করেছেন এবং অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে । এ সময় ইউএনও নাশিতা-তুল ইসলাম সরকারি বরাদ্দ থেকে চাল, ডাল, আটা, লবন কৃষক সাদেকের মায়ের হাতে তুলে দেন ।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ মুহব্বত কবীর জানায়, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।





