মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিত্তির ওপর একতলা একাডেমিক ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে মানিকগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী লাভলু ব্যাপারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, উথলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন।
এ সময় নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল হোসেন, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নতুন একাডেমিক ভবন নির্মাণ সম্পন্ন হলে শ্রেণিকক্ষের সংকট অনেকটাই কমবে। পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।





