মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের ইছামতি নদীর ওপর সেতু নির্মাণের দাবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে স্থানীয় এনজিও সিসিডিবি’র ফোরাম নেটওয়াক, উলাইল ও নালী ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে উপজেলা রূপসা বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, ইছামতি নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় উলাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও বয়স্কদের নৌকায় নদী পারাপারে বেশি ভোগান্তিতে পড়তে হয়। বর্ষা মৌসুমে নদীতে পানি ও স্রোত বেড়ে গেলে ঝুঁকিও বাড়ে। এরই মধ্যে কয়েকবার নৌকাডুবির ঘটনাও ঘটেছে বলে জানান তারা।
স্থানীয়দের দাবি, রুপসা বাজারের পশ্চিম দিকে ইছামতি নদীর ওপর দিয়ে ৮/১০টি গ্রামের মানুষ নিয়মিত যাতায়াত করেন। প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারও মানুষ এ নদী পার হতে নৌকা অথবা বাঁশের সাঁকো ব্যবহার করে আসছে। এতে ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। সেতু না থাকায় শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিপণ্য পরিবহনেও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।
র্যালিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, স্কুল শিক্ষার্থী-অসুস্থ রোগী যাতায়াতের দারুণ সমস্যা হচ্ছে। বর্ষায় নদীতে পানি থাকায় নৌকা ব্যবহার হয়। শুস্কু মওসুমে বাঁশের সাঁকো তৈরি করতে হয়। সেতু না থাকায় শিশু শিক্ষার্থী, রোগী ও বয়স্ক লোকজনদের নানা সমস্যায় পড়তে হয়।
১০ম শ্রেণির এক শিক্ষার্থী আফিয়া সুলতানা বলেন, স্থানীয় রুপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩/৪’শ শিক্ষার্থী এ পথে যাতায়ত করে। এদের অনেকেই নানা সমস্যার সমূখীন হয়। বৃষ্টিতে ভোগান্তি বৃদ্ধি পায়। নৌকা ডুবির ঘটনাও ঘটেছে। ব্রিজ না থাকায় পরিক্ষার সময়ও নির্ধারিত সময়ে স্কুলে পৌছাতে বিলম্ব হয়। এখানে প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনেকেই সাঁতার জানা নেই। তাদের নিয়েই বেশী দূচিন্তার বিষয়। এখানে ব্রিজ নির্মাণ সময়ের দাবী।
রূপসা গ্রামের বাসিন্দা সুশান্ত কুমার সাহা বলেন, বছরের ছয় মাস নদীতে পানি থাকায় নৌকা অথবা সাঁকোতে পাড় হতে হয়। ছাত্র-ছাত্রী, শিশু, বৃদ্ধসহ অনেকেই নৌকায় যাতায়াতে দুর্ঘটনার শিকার হয়। নৌকা ডুবির ঘটনায় শিশু, বৃদ্ধদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
উলাইল ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে ইছামতি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। সেতুটি নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থার উন্নতির পাশাপাশি শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ কমবে। রূপসা বাজার পয়েন্টে সেতু নির্মাণ হলে নালী-পাটুরিয়া ঘাটের সাথে সংযোগ স্থাপিত হবে। বর্তমান এমপি নির্বাচন কালে এখানে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। সেতু নির্মাণের ডিজাইন ও নকশা অনুমদনের কাজ চলছে। শীগ্রই দাবী পুরনের আশা রয়েছে।
মানিকগঞ্জ-১ আসনে এমপি এসএ জিন্নাহ করিব দেশ রূপান্তরকে বলেন, রূপসার সাথে আমডালা নামক স্থানে সেতু নির্মাণের টেন্ডার প্রক্রিয়ার কাজ চলছে। আগামী ২/১ মাসের মধ্যেই এ সেতু নির্মাণ কাজ শুরু হলে এলাকার লোকজনের যাতায়াতের সমস্যা সমাধান হবে।





