মানিকগঞ্জের সাটুরিয়ায় রাজন হোসেন নামে এক ব্যবসায়ীকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে জখম ও মারধর করে ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।
আজ দুপুরের দিকে উপজেলার গর্জনা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজন হোসেন ধামরাইয়ের দিমুখা বাজারে রড, সিমেন্ট ও ইটের ব্যবসা করেন।
রাজন হোসেনের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন। ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে ভয়ভীতি দেখানো ও মারধরের হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ দুপুরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের হিসাব-নিকাশ শেষ করে বাড়ি ফেরার পথে গর্জনা এলাকায় নিজ বসতবাড়ির সামনের পাকা রাস্তায় পৌঁছালে রুবেল হোসেন ও সিয়াম হোসেন তাঁর পথরোধ করেন। অভিযোগে তিনি বলেন, এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হয়। এতে তাঁর মুখে গুরুতর কাটা ও রক্তাক্ত জখম হয়। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানেও তাঁকে আঘাত করা হয়েছে বলে দাবি করেন তিনি।
রাজন হোসেন আরও অভিযোগ করেন, রুবেল ও সিয়াম তাঁকে জাপটে ধরে তাঁর পরিহিত প্যান্টের সামনের দুই পকেটে থাকা ব্যবসায়িক কাজে ব্যবহারের ৫ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পরবর্তীতে সুযোগ পেলে তাঁকে প্রাণে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
পরে স্থানীয় লোকজন আহত রাজন হোসেনকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





