মালয়েশিয়ার পুত্রজায়ায় দেশটির পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের (MOTAC) উপমন্ত্রী YB Tuan Chiew Choon Man-এর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত। ১৮ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ বৈঠকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। দুই দেশের পর্যটকদের জন্য বৈচিত্র্যময় ও আকর্ষণীয় পর্যটন অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি এ খাতে নতুন সহযোগিতার সুযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করা, সাংস্কৃতিক বিনিময়, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে ফ্লাইটের সংখ্যা ও ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দক্ষতা ও সক্ষমতা উন্নয়ন, ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও প্রি-ভেরিফিকেশন এবং পর্যটন খাতে অভিজ্ঞতা, জ্ঞান ও সফলতার মডেল বিনিময়ের বিষয়গুলো উঠে আসে।

এ ছাড়া হসপিটালিটি বা আতিথেয়তা খাতে প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ ও প্রশিক্ষিত জনবলের চাহিদা পূরণ এবং যোগ্য বাংলাদেশি কর্মীদের নিয়োগের সুযোগ বাড়াতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে উভয় পক্ষ পর্যটন উন্নয়ন, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দুই দেশের পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করে। এ ধরনের সহযোগিতা বাংলাদেশ ও মালয়েশিয়ার পর্যটন ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে মালয়েশিয়ার পর্যটনবিষয়ক উপ-মহাসচিব Chua Choon Hwa, Tourism Malaysia-এর এশিয়া ও আফ্রিকা বিষয়ক আন্তর্জাতিক প্রচার বিভাগের পরিচালক Nuwal Fadhilah Ku Azmi, MOTAC ও Tourism Malaysia-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মোসাম্মৎ শাহানারা মনিকা এবং বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ উপস্থিত ছিলেন।

