নতুন রাজনৈতিক দর্শনে সবার উন্নয়ন নিশ্চিতের কথা বললেন আমির খসরু

🕙 প্রকাশিত : ৯ আগস্ট, ২০২৬ । ১২:৩৭ পিএম

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন রাজনৈতিক চিন্তার মূল লক্ষ্য দেশের সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন নিশ্চিত করা। তিনি বলেন, এই ধারার রাজনীতিতে কোনো মানুষ উন্নয়নের বাইরে থাকবে না।

শনিবার (৯ আগস্ট ২০২৬) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আমির খসরু বলেন, বর্তমান বাজেটে যুবসমাজ, শিশু, নারী, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবীসহ সব শ্রেণির মানুষের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক দর্শনের মাধ্যমে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, দেশের প্রতিটি পরিবারের কাছে অর্থনৈতিক উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং আলেম-ওলামাদের জন্য পৃথক বাজেট বরাদ্দের বিষয়ও তুলে ধরেন তিনি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে মানুষ কম খরচে বা বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও শিক্ষা সুবিধা পেতে পারে। মানুষের এই দুই খাতে ব্যয় কমাতে পারলে তাদের জীবনমান আরও উন্নত হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির মাধ্যমে দেশের প্রতিটি মানুষ উন্নয়নের সুফল ভোগ করবে।

বাঁশখালীর উন্নয়ন প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এ অঞ্চলের উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাঁশখালীর বিদ্যমান সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে সরকার পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ