প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি সেখানে পৌঁছান।
এর আগে সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে মহেশখালীর উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
সফরকালে তিনি মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন। পরবর্তীতে হেলিকপ্টারে করে বন্যাকবলিত বাঁশখালী ও হাটহাজারী এলাকায় যাবেন এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পুনর্বাসনের অংশ হিসেবে নতুন ঘর হস্তান্তর করবেন।
সফরসূচি অনুযায়ী, দুপুর দেড়টার দিকে ফটিকছড়ি উপজেলার পেহেলগাজী দিঘির মাঠে অবতরণ করে আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া মরহুম আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করারও কর্মসূচি রয়েছে।
পরে বিকেল পৌনে ৪টায় হাটহাজারী জেলা পরিষদ ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টায় হাটহাজারী সরকারি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষ্যে নতুন ঘর হস্তান্তর করবেন।
দিনের শেষ কর্মসূচিতে সন্ধ্যায় চট্টগ্রামের একটি হোটেলের অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

