খেলা

ফিফা সভাপতির বার্তায় আর্জেন্টিনার লড়াকু মানসিকতার প্রশংসা, স্পেনকে চ্যাম্পিয়ন হওয়ার অভিনন্দন

ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ও অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ বার্তা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফাইনালের ফলাফলের বাইরে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রানার্সআপ আর্জেন্টিনার লড়াই, প্রত্যাবর্তন এবং ধারাবাহিক সাফল্যের প্রশংসা করেন তিনি।

ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় ইনফান্তিনো লেখেন, আর্জেন্টিনা এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। দলের অবিস্মরণীয় প্রত্যাবর্তন এবং লড়াকু মানসিকতা বিশ্বের লাখো ফুটবলপ্রেমীকে অনুপ্রাণিত করেছে এবং এমন সব মুহূর্ত সৃষ্টি করেছে, যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠা আর্জেন্টিনার ধারাবাহিক উৎকর্ষেরই প্রমাণ। বিশ্বকাপজুড়ে আবেগ, নিষ্ঠা ও শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার জন্য দলটিকে ধন্যবাদ জানান তিনি।

ইনফান্তিনোর এই বার্তা এমন সময় এসেছে, যখন ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা চলছিল। বিশ্বকাপ শেষে মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ব্যঙ্গাত্মকভাবে সমালোচকদের ধন্যবাদ জানিয়েছিলেন। একইভাবে ফাইনালের পর বিভিন্ন ষড়যন্ত্র তত্ত্বের জবাব দেন দলের আরেক তারকা রদ্রিগো ডি পল।

তবে ফিফা সভাপতি এসব বিতর্ক এড়িয়ে আর্জেন্টিনার ইতিবাচক দিকগুলোই তুলে ধরেন। বিশেষ করে দলের লড়াই, দৃঢ়তা এবং বিশ্বকাপে প্রদর্শিত ফুটবল নৈপুণ্যের প্রশংসা করেন তিনি।

এদিকে শুধু আর্জেন্টিনাই নয়, ২০২৬ বিশ্বকাপের শীর্ষ চার দলের প্রত্যেকটির জন্যই আলাদা বার্তা প্রকাশ করেছেন ইনফান্তিনো। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকায় শিরোপা জয়ের ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে নতুন এক গৌরবময় অধ্যায় রচনা করেছে স্পেন। পরিবার, সমর্থক এবং পুরো জাতির সঙ্গে এই অর্জন উদযাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, স্পেন ফুটবল ইতিহাসে নিজেদের স্থান আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

এ বিভাগের আরও সংবাদ