আগামী ২৪ ঘণ্টায় চার বিভাগে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, চট্টগ্রামে ভূমিধসের সতর্কতা

🕙 প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ । ৬:০৪ এএম

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকার পাশাপাশি ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয়, দেশের অন্যান্য স্থানে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি।

এদিকে, বৃষ্টিপাতের কারণে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ