বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর সাথে সাকজেএফ এর মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লবের সৌজন্য সাক্ষাৎ

🕙 প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৬ । ৪:৫৯ এএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের গল্পগুলো দেশ-বিদেশে কার্যকরভাবে তুলে ধরতে সরকার এবং গণমাধ্যমের মধ্যে একটি সুদৃঢ় ও সমন্বিত দ্বিপাক্ষিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এলক্ষ্যেই সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম (সাকজেএফ)-এর প্রতিনিধিরা আজ বুধবার বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফোরামের সেক্রেটারি জেনারেল সিনিয়র সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। বৈঠকে তিনি জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ এবং বাংলাদেশের অভিযোজন ও সাফল্যের গল্প দেশ-বিদেশে আরও কার্যকরভাবে তুলে ধরতে সরকার ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় এসএসিসিজেএফ ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক সহযোগিতা, মাঠপর্যায়ে তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরির সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশকে আঞ্চলিক জলবায়ু যোগাযোগের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে কয়েকটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সেইসাথে, জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন(কপ) বা আন্তর্জাতিক ফোরামগুলোতে সরকারি প্রতিনিধির পাশাপাশি দেশের পরিবেশ ও জলবায়ু সাংবাদিকদের অংশগ্রহণ নিশ্চিত করা, যা বৈশ্বিক দরকষাকষিতে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

এছাড়া বাংলাদেশের বন, পরিবেশ, জীববৈচিত্র্য, জলবায়ু অভিযোজন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন উদ্যোগ আন্তর্জাতিক মানের ডকুমেন্টারির মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার কথা বলা হয়।

প্রতিমন্ত্রী প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যম ও সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

জলবায়ু সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা বিশ্বব্যাপী তুলে ধরতে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম (এসএসিসিজেএফ) গঠন করা হয়। সংগঠনটি দক্ষিণ এশিয়ার জলবায়ু ও পরিবেশ বিষয়ক সাংবাদিকদের একটি আঞ্চলিক সংগঠন, যার প্রধান কার্যালয় বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সংকট মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর কণ্ঠস্বর বিশ্ববাসীর নিকট তুলে ধরতে কাজ করে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ