২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করেছে আর্জেন্টিনা। তবে রানার্সআপ হলেও মাঠে দলের লড়াকু মানসিকতা ও আত্মত্যাগের স্বীকৃতি দিতে জাতীয় দলের দেশে ফেরার দিন সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মিলে জাতীয় দলের খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে লেখেন, “খেলোয়াড়দের অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ মুহূর্ত পর্যন্ত বুক চিতিয়ে লড়েছি। আর্জেন্টিনা সবসময় সবার ওপরে।”
তার মতে, ট্রফি জিততে না পারলেও জাতীয় দল যে লড়াই, ঐক্য ও আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছে, সেটিই পুরো জাতির জন্য গর্বের বিষয়। খেলোয়াড়দের বীরের সম্মান জানাতে এবং সমর্থকদের উদযাপনের সুযোগ করে দিতেই এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সাধারণ ছুটি ঠিক কোন দিন কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। জাতীয় দলের দেশে ফেরার সময়সূচি এবং খেলোয়াড় ও কোচিং স্টাফের প্রস্তুতির ওপর ভিত্তি করে দিনটি নির্ধারণ করা হবে।
এ বিষয়ে প্রেসিডেন্ট মিলে বলেন, “খেলোয়াড় ও কোচিং স্টাফ যেদিন উদযাপনের জন্য প্রস্তুত থাকবেন, সেদিনই সাধারণ ছুটি কার্যকর করা হবে।”
একটি রেডিও সাক্ষাৎকারে তিনি আরও বলেন, “পরাজয়ের হতাশা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। তবে এই দল দেশের জন্য অসাধারণ একটি উদাহরণ রেখে গেছে। আমি জানি, এই মুহূর্তে খেলোয়াড় ও কোচিং স্টাফের জন্য সময়টা কঠিন। কিন্তু প্রাথমিক হতাশা কেটে গেলে তারা বুঝতে পারবে, তারা কত বড় একটি অর্জন নিয়ে দেশে ফিরছে। এই দল আমাদের যে মানসিকতা ও লড়াইয়ের শিক্ষা দিয়েছে, তা সত্যিই অমূল্য।”
বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও সম্মান যে এতটুকুও কমেনি, সরকারের এই উদ্যোগে সেটিই নতুন করে স্পষ্ট হলো।

