ফাইনালের মঞ্চে ইতিহাসের হাতছানি, গোল্ডেন বুট-গোল্ডেন বল ও নবম ব্যালন ডি’অরের পথে মেসি

🕙 প্রকাশিত : ১৯ জুলাই, ২০২৬ । ৮:২৭ এএম

টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর সেই সঙ্গে লিওনেল মেসির সামনে খুলে গেছে একাধিক ব্যক্তিগত ও দলীয় ইতিহাস গড়ার সুযোগ। ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক এখন শুধু বিশ্বকাপের শিরোপা নয়, টুর্নামেন্টের গোল্ডেন বুট, তৃতীয় গোল্ডেন বল এবং ক্যারিয়ারের নবম ব্যালন ডি’অর জয়ের দৌড়েও অন্যতম শীর্ষ দাবিদার।

ক্রীড়া বিশ্লেষক ও বিভিন্ন পূর্বাভাসভিত্তিক সংস্থার মূল্যায়নে ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনায় বর্তমানে সবচেয়ে এগিয়ে আছেন মেসি। যুক্তরাষ্ট্রভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান কালশি–এর তথ্য অনুযায়ী, বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের ক্ষেত্রে তার সম্ভাবনা প্রায় ৫৯ শতাংশ।

তবে গোল্ডেন বুটের লড়াইয়ে শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠেছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে কিলিয়ান এমবাপ্পে নিজের গোলসংখ্যা ১০-এ নিয়ে গেছেন, সঙ্গে রয়েছে ৪টি অ্যাসিস্ট। অন্যদিকে মেসির ঝুলিতে রয়েছে ৮ গোল ও ৪টি অ্যাসিস্ট। ফলে ফাইনালে দুটি গোল করতে পারলেই এমবাপ্পেকে ছাড়িয়ে ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল্ডেন বুট জয়ের কীর্তি গড়বেন আর্জেন্টাইন মহাতারকা।

স্পেনের বিপক্ষে ফাইনালে মেসির প্রতিটি গোল শুধু ব্যক্তিগত অর্জনের পথই সহজ করবে না, একই সঙ্গে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপার আরও কাছে নিয়ে যাবে। ছয়টি বিশ্বকাপ খেলেও এখনো গোল্ডেন বুট জেতা হয়নি তার। এবার সেই অপূর্ণতাও ঘুচতে পারে।

বিশ্বকাপের পারফরম্যান্স ব্যালন ডি’অর নির্বাচনে বড় প্রভাব ফেলে। ফুটবলারদের সাম্প্রতিক ফর্ম, শিরোপা এবং ব্যক্তিগত পরিসংখ্যানের ভিত্তিতেই বিভিন্ন বিশ্লেষক ও বাজির বাজারে সম্ভাবনার হিসাব নির্ধারণ করা হয়। সেই বিবেচনায় বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ব্যালন ডি’অর দৌড়েও শক্ত অবস্থান তৈরি করেছেন মেসি।

এ পর্যন্ত দুইবার বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল জিতেছেন তিনি—২০১৪ ও ২০২২ সালে। ২০১৪ সালে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেননি, তবে ২০২২ সালে কাতারে দলকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি জিতেছিলেন গোল্ডেন বলও। এবার আবারও ফাইনালে উঠে তৃতীয়বারের মতো এই পুরস্কার জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কোনো ফুটবলার তিনবার গোল্ডেন বল জিততে পারেননি।

২০২২ সালে কাতারের লুসাইলে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘদিনের আক্ষেপ ঘুচিয়েছিলেন মেসি। এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিততে পারলে তার সাফল্যের মুকুটে যুক্ত হবে আরেকটি অনন্য পালক, যা ফুটবল ইতিহাসে তার অবস্থানকে আরও শক্তিশালী করবে।

ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচটি তাই মেসির জন্য শুধু একটি শিরোপা নির্ধারণী লড়াই নয়, বরং একাধিক ব্যক্তিগত রেকর্ড গড়ারও সুবর্ণ সুযোগ। দুর্দান্ত একটি ম্যাচই তাকে পৌঁছে দিতে পারে ফুটবল ইতিহাসের আরও এক অনন্য উচ্চতায়।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতেন লিওনেল মেসি। সর্বশেষ তিনি এই পুরস্কার জয় করেন ২০২৩ সালে। এবার নবমবার ব্যালন ডি’অর জিততে পারলে ব্যক্তিগত সর্বোচ্চ এই সম্মাননায় নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করবেন এবং পাঁচবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নেবেন। চলতি বিশ্বকাপে রোনালদো ও পর্তুগালের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী ছিল না।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ