অতিরিক্ত সময়ের নাটকীয় মুহূর্তে দুর্দান্ত এক গোল করে আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন হুলিয়ান আলভারেজ। নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-১ সমতায় থাকা ম্যাচের ১১২তম মিনিটে বদলি খেলোয়াড় হোসে ম্যানুয়েল লোপেজের বাড়িয়ে দেওয়া বল থেকে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে সুইজারল্যান্ডের জালে বল জড়ান তিনি। সেই গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং উচ্ছ্বাসে ফেটে পড়ে কানসাস সিটি স্টেডিয়াম।
এটি ২০২৬ বিশ্বকাপে আলভারেজের প্রথম গোল এবং বিশ্বকাপের মঞ্চে তার ষষ্ঠ গোল। ম্যাচ শেষে নিজের গোল নিয়ে সন্তুষ্টির কথাও জানান এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
আলভারেজ বলেন, “আমি দারুণ একটি শট নিয়েছিলাম। এর আগেও একটি শট নিয়েছিলাম। এবার আমি জায়গা পেয়েছিলাম, আমাকে থামাতে কেউ এগিয়ে আসেনি এবং আমি ভালোভাবেই শটটি নিতে পেরেছি। এটি সত্যিই একটি চমৎকার গোল ছিল।”
গোল করার পর সতীর্থ লিওনেল মেসিকে জড়িয়ে ধরার মুহূর্তটিও বিশেষভাবে তুলে ধরেন তিনি। আলভারেজ বলেন, “মেসির হাতে আবারও বিশ্বকাপ তুলে দিতে আমরা আমাদের সর্বোচ্চটা দিতে প্রস্তুত। তার জন্য প্রতিটি ম্যাচই আমাদের কাছে একটি লড়াই। গোল করার পর প্রথমেই আমি মেসিকে জড়িয়ে ধরেছি।”
ম্যাচের ৭২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলো। তবে ১০ জনের দল নিয়েও আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে সুইসরা।
এ প্রসঙ্গে আলভারেজ বলেন, “আমাদের একজন অতিরিক্ত খেলোয়াড় থাকা সত্ত্বেও পরিস্থিতি কঠিন হয়ে গিয়েছিল। আমরা জানতাম, একসঙ্গে লড়াই চালিয়ে গেলে গোল আসবেই। অবশ্যই আমরা আরও আগে ম্যাচ জিততে পারলে খুশি হতাম, কিন্তু বিশ্বকাপের ম্যাচগুলো কখনোই সহজ হয় না। এখনো আমাদের সামনে আরও দুটি ম্যাচ বাকি রয়েছে।”

