পাঠকদের আগ্রহ বাড়াচ্ছে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ, মেসির হার দেখছেন তিমুর প্রেসিডেন্ট

🕙 প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ । ১১:০৬ এএম

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘রাউন্ড অব ৩২’-এ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামছে আফ্রিকার চমক জাগানো দল কেপ ভার্দে। ম্যাচটি ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ যখন তুঙ্গে, তখন আলোচনায় উঠে এসেছে তিমুর লিসতের প্রেসিডেন্ট ও নোবেলজয়ী নেতা হোসে মানুয়েল রামোস-হোর্তার এক বিস্ময়কর মন্তব্য।

তিনি দাবি করেছেন, এই ম্যাচেই চলতি বিশ্বকাপে প্রথম পরাজয়ের স্বাদ পেতে পারেন লিওনেল মেসি। শুধু তাই নয়, তার বিশ্বাস আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়বে কেপ ভার্দে।

রামোস-হোর্তার মতে, কেপ ভার্দের খেলোয়াড়দের বিশেষ খাদ্যাভ্যাস ও কঠিন পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা তাদের অন্যদের চেয়ে আলাদা শক্তি দিয়েছে। তিনি বলেন, কেপ ভার্দিয়ানদের খাদ্যতালিকায় থাকা ‘কাচুপা’ নামের ঐতিহ্যবাহী খাবার—যেখানে ভুট্টা, শিম, মাংস ও বিভিন্ন প্রোটিনের সমন্বয় থাকে—তাদের শারীরিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়া প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে গড়ে ওঠা মানসিক দৃঢ়তাকেও বড় কারণ হিসেবে দেখছেন তিনি। শুধু শারীরিক নয়, আধ্যাত্মিক দিক থেকেও কেপ ভার্দেকে এগিয়ে রাখেন এই রাষ্ট্রপ্রধান। তার ভাষ্য, ক্যাথলিক ধর্মবিশ্বাস ও আফ্রিকান আধ্যাত্মিক সংস্কৃতির সমন্বয়ে দলটির মধ্যে এক বিশেষ আত্মবিশ্বাস তৈরি হয়েছে এবং ‘ঈশ্বরের আশীর্বাদ’ তাদের সঙ্গেই আছে।

শুরু থেকেই কেপ ভার্দের পক্ষে অবস্থান নেওয়া রামোস-হোর্তা আরও বলেন, “কেপ ভার্দে ইতোমধ্যেই জিতে গেছে।”

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে কেপ ভার্দে। স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের মতো কঠিন প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে থেকেও তিনটি ড্র করে শেষ ৩২-এ জায়গা করে নেয় আফ্রিকার দলটি। এতে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে তারা।

অন্যদিকে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা রয়েছে দারুণ ছন্দে। তবে নকআউট পর্বের এই ম্যাচে কেপ ভার্দে নতুন কোনো চমক দেখাতে পারে কি না, তা নিয়েই এখন ফুটবলপ্রেমীদের কৌতূহল।

বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ