বিশ্বকাপ জয়ের উল্লাসে মেক্সিকো সিটিতে প্রাণ গেল ৪ জনের

🕙 প্রকাশিত : ২ জুলাই, ২০২৬ । ৬:০৯ এএম

বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে ঐতিহাসিক জয় উদ্‌যাপন করতে গিয়ে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরুদ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, বিশ্বকাপের সহ-আয়োজক মেক্সিকো এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে। এই জয়ের পর হাজারো সমর্থক রাজধানীর প্রধান সড়ক প্যাসেও দে লা রেফর্মা এলাকায় জড়ো হয়ে উল্লাসে মেতে ওঠেন।

একপর্যায়ে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলার কারণে কয়েকজন শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চারজনের মৃত্যু হয়।

মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মলিনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, নিহতদের মধ্যে ৪৪ বছর বয়সী একজন পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুজন নারী রয়েছেন।

তিনি জানান, জরুরি সেবাকর্মীরা তিনজন অজ্ঞান হয়ে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। চিকিৎসকরা সম্ভাব্য সব ধরনের চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি।

পরবর্তীতে আরও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গুরুতর খিঁচুনি ও পাকস্থলীতে রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ক্লারা ব্রুগাদা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ভবিষ্যতে বড় ধরনের উদ্‌যাপনে নাগরিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, ১৯৮৬ সালের বিশ্বকাপের পর এই প্রথম নকআউট পর্বে কোনো ম্যাচ জয়ের স্বাদ পেল মেক্সিকো। দীর্ঘ প্রতীক্ষার সেই আনন্দঘন মুহূর্ত শেষ পর্যন্ত রূপ নেয় শোকাবহ ঘটনায়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ