গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমেই গোল করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ফ্রি-কিক থেকে অসাধারণ শটে বল জালে জড়িয়ে বিশ্বকাপে টানা ৭ ম্যাচে গোল করার কীর্তি গড়েন তিনি।
এর আগে বিশ্বকাপে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড ছিল ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) ও ব্রাজিলের জেয়ারজিনহোর (১৯৭০)। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলের ম্যাচে তাদের রেকর্ড স্পর্শ করেছিলেন মেসি। এবার জর্ডানের বিপক্ষে গোল করে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে গেলেন তিনি।
ম্যাচের ৬০ মিনিটে লাওতারো মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নামার মাত্র ২০ মিনিটের মধ্যেই ফ্রি-কিক থেকে এবারের বিশ্বকাপে নিজের ষষ্ঠ গোলটি করেন এই তারকা ফুটবলার।
আক্রমণভাগে বল নিয়ে এগিয়ে যাওয়ার সময় জর্ডানের ডিফেন্ডার আমের জামুস তাকে ফাউল করলে ২৫ গজ দূরত্বে ফ্রি-কিক পায় আর্জেন্টিনা। সেই সুযোগ থেকেই দুর্দান্ত নিচু শটে বল জালে পাঠান মেসি।
ফ্রি-কিক নেওয়ার সময় মানবদেয়ালের পাশে দাঁড়িয়ে থাকা অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, মার্কোস সেনেসি ও নিকোলাস ওটামেন্ডি কৌশলে সরে গেলে বল সরাসরি জালে জড়ায়। মেসির এই গোলেই বিশ্ব ফুটবলে যোগ হয় নতুন এক ইতিহাস।

