লিওনেল মেসির রেকর্ড ভাঙা গোলে অস্ট্রিয়ার বিপক্ষে প্রথমার্ধ শেষ করেছে এগিয়ে থেকে আর্জেন্টিনা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মেসির একমাত্র গোলে ১-০ ব্যবধানে বিরতিতে গেছে আলবিসেলেস্তেরা। একই সঙ্গে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনও নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তৃতীয় মিনিটেই গোলের সুবর্ণ সুযোগ পেয়েছিলেন লাওতারো মার্তিনেজ। তবে অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে শট নিতে ব্যর্থ হন এই ফরোয়ার্ড।
এরপর মার্তিনেজকে বক্সের ভেতরে ফাউল করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পট কিক থেকে দলকে এগিয়ে নিতে পারেননি মেসি। তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
৩৩ মিনিটে আবারও গোলের সুযোগ আসে মেসির সামনে। এনজো ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া একটি পাস আটকাতে গিয়ে ভুল করেন অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগার। বল চলে যায় মেসির পায়ে, তবে সেখান থেকেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হন আর্জেন্টাইন মহাতারকা।
তবে শেষ পর্যন্ত অপেক্ষা দীর্ঘ হয়নি। ৩৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার বাড়ানো ক্রসে চমৎকার ডামি করেন থিয়াগো আলমাদা। সুযোগ বুঝে বাঁ পায়ের শটে বল জালে পাঠান মেসি।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৭টিতে। ২৮ ম্যাচে ১৭ গোল করে তিনি ভেঙে দেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষে এককভাবে লিওনেল মেসি।

