ক্লোসাকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি

🕙 প্রকাশিত : ২৩ জুন, ২০২৬ । ৬:৩৫ এএম

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আলবিসেলেস্তেরা। ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন লাওতারো মার্তিনেজ। তবে অস্ট্রিয়ার দুই ডিফেন্ডারের চাপে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি।

এরপর মার্তিনেজকে বক্সের ভেতর ফাউল করেন অস্ট্রিয়ান ডিফেন্ডার স্তেফান পশ। ভিএআর পর্যালোচনা শেষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তার নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে চলে যায়।

তবে গোলের খোঁজে থেমে থাকেননি আর্জেন্টাইন মহাতারকা। ৩৩ মিনিটে এনজো ফের্নান্দেসের উদ্দেশ্যে দেওয়া পাস ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগার। বল চলে যায় মেসির পায়ে, কিন্তু সেবারও লক্ষ্যভেদ করতে পারেননি তিনি।

অবশেষে ৩৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পান মেসি। বাঁ প্রান্ত থেকে ফাকুন্দো মেদিনার ক্রসে থিয়াগো আলমাদা চমৎকার ডামি দিলে সুযোগ পান মেসি। এরপর বাঁ পায়ের নিখুঁত শটে অস্ট্রিয়ার জালে বল জড়ান তিনি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৭টিতে। ২৮ ম্যাচে ১৭ গোল করে তিনি ছাড়িয়ে গেলেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড। ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসন এখন এককভাবে দখলে নিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল জাদুকর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ