র্যাব সদস্যদের ওপর হামলার ঘটনার রেশ না কাটতেই নারায়ণগঞ্জের ফতুল্লায় এবার পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় লুটপাটের অভিযোগে আটক তিনজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা।
বুধবার (৬ মে) দুপুরে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি বলে জানিয়েছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, দুপুর সাড়ে ৩টার দিকে পশ্চিম দেওভোগের হাশেমবাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে লুটপাটে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে জনি ও আজাদ নামে দুই ব্যক্তি তাদের সহযোগীদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং জোরপূর্বক তাদের ছিনিয়ে নিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত প্রায় ৩০ ঘণ্টায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এটি তৃতীয় হামলার ঘটনা। এর আগে মঙ্গলবার দুপুরে ফতুল্লার বোয়ালিয়া খাল এলাকায় র্যাবের গোয়েন্দা দলের ওপর মাদক কারবারিরা হামলা চালায়। এতে র্যাব-১১’র এসআই নজিবুলসহ তিন সদস্য গুরুতর আহত হন।
এরও আগে সোমবার দিবাগত রাতে রূপগঞ্জের চনপাড়া বস্তি এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা শামীম মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার সহযোগীরা পুলিশকে ঘেরাও করে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় রূপগঞ্জ থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য আহত হন।

