মানিকগঞ্জে জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারটি ন্যায়বিচারের আশায় বিভিন্ন সরকারি দপ্তরে ঘুরেও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের স্মরণাপন্ন হয়েছে। আদালত থেকে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা থাকলেও তা অমান্য করে ভবন নির্মাণ অব্যাহত রাখার অভিযোগ রয়েছে।
মামলায় এজাহার এবং ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জেলার সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য দেওয়ান তসলিম উদ্দিন স্বপনের বিরুদ্ধে পৈতৃক জমি জোরপূর্বক দখল করে সেখানে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে তারা ওই জমির বৈধ মালিক হলেও প্রভাব খাটিয়ে তা দখল করে নেওয়া হয়েছে। জমির মালিকানা ফিরে পেতে এবং আইনি সহায়তার জন্য তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছেন।
ভুক্তভোগীদের ভাষ্য, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় প্রভাব খাটিয়ে তসলিম উদ্দিন স্বপন ওই জমি জোরপূর্বক দখল করেন। এতে বাধা দিলে স্বপন ও তাঁর লোকজন এ ঘটনায় তারা আদালতে মামলা দায়ের করেছেন।
তবে দেওয়ান তসলিম উদ্দিন স্বপন দাবি করেন, ‘আমি অন্যের জমি দখল করিনি। আমার নিজস্ব সম্পত্তির ওপরই ভবন নির্মাণ করছি। জমির সকল বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, এ বিষয়ে আদালত থেকে একটি আদেশ তিনি পেয়েছেন, যাতে কাজ স্থগিত রাখার কথা বলা আছে। বিরোধপূর্ণ জায়গায় ভবন নির্মাণকাজ বন্ধে পুলিশ পাঠানো হবে।

