ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি)। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সম্ভাব্য অনুপ্রবেশ বা ‘পুশইন’ ঠেকাতে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
বুধবার (৬ মে) চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিনে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এর প্রেক্ষাপটে বাংলাদেশে অনুপ্রবেশের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এখন পর্যন্ত বড় কোনো উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি, তবুও আগাম সতর্কতা হিসেবে সীমান্ত এলাকায় কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
ডিসি সম্মেলনের শেষ দিনের বৈঠকে জেলা প্রশাসকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিগত সময়ের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক মামলাগুলো পর্যালোচনা করে আগামী এক মাসের মধ্যে তালিকা প্রস্তুত করতে হবে।
এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে বলা হয়েছে। যেসব অস্ত্রের লাইসেন্স অবৈধ হয়ে গেছে বা নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সেগুলো দ্রুত জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোরও সঠিক তালিকা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে স্থানীয় প্রশাসনকে বিশেষভাবে তৎপর থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মহাসড়ক ও রেলপথে অপরাধ দমনে পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি জাল টাকা শনাক্তে মেশিন সরবরাহ এবং ফেরিঘাটে বাসের নিরাপত্তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর কথাও জানান।
মাদক ও অনলাইন জুয়াকে সামাজিক ব্যাধি উল্লেখ করে তিনি বলেন, এসব অপরাধ দমনে অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর অপরাধ, যেমন অনলাইন জুয়া দমনে সরকার নতুন আইন প্রণয়নের কাজ করছে। সাইবার জগতকে নিরাপদ রাখতে এবং তরুণ প্রজন্মকে সুরক্ষিত রাখতে প্রশাসনকে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেন তিনি।
সীমান্তে ‘পুশইন’ আশঙ্কা, বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ১:১৭ অপরাহ্ণ

