রাজধানীর ব্যস্ত সড়কে যেখানে যানজট যেন নিত্যদিনের চিত্র, সেখানে দেখা গেল এক ব্যতিক্রমী ঘটনা। বুধবার (৬ মে) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে নিজের গাড়িবহর থামিয়ে একটি অ্যাম্বুলেন্সকে পথ করে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সকাল ৯টার কিছু আগে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পথে বনানী এক্সপ্রেসওয়ে হয়ে কারওয়ানবাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিলেন। এ সময় তার দৃষ্টিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স, যা সাইরেন বাজিয়ে তার গাড়িবহরের পেছন থেকে সামনে যাওয়ার চেষ্টা করছিল।
পরিস্থিতি অনুধাবন করে প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশে বহরের যানবাহনগুলো সরে দাঁড়ালে দ্রুতই অ্যাম্বুলেন্সটি সামনে এগিয়ে যায়।
বাংলাদেশে ভিভিআইপি বহরের কারণে সাধারণ যানবাহনকে প্রায়ই অপেক্ষা করতে হয়—এমন বাস্তবতায় প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ ভিন্ন বার্তা দিয়েছে বলে মনে করছেন অনেকে। দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ‘সবার ওপরে জনগণ’ নীতিকে গুরুত্ব দিয়ে চলছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনাটি প্রত্যক্ষ করা ব্যক্তিরা বলেন, পুরো বিষয়টি ছিল স্বতঃস্ফূর্ত এবং মানবিক। তাদের মতে, একজন সরকার প্রধানের এমন উদ্যোগ সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতারই প্রতিফলন।
বহর থামিয়ে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী, মানবিকতার দৃষ্টান্ত
🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ৯:২০ পূর্বাহ্ণ

