নেত্রকোণার মদন উপজেলায় এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার অভিযোগে অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ সাগরকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৬ মে) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর মিডিয়া শাখার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান। তিনি জানান, ভোর সোয়া ৪টার দিকে র্যাব-১৪ এর একটি অভিযানিক দল গৌরীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক প্রায় চার বছর আগে একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ভুক্তভোগী শিশুটি নানার বাড়িতে থেকে সেখানে পড়াশোনা করত। তার বাবা পরিবার ছেড়ে চলে যাওয়ায় মা জীবিকার তাগিদে সিলেটে একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন।
সম্প্রতি শিশুটির শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হলে তার মা সিলেট থেকে এসে মেয়ের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানতে পারেন। পরে গত ১৮ এপ্রিল মদন উপজেলা শহরের একটি ক্লিনিকে নেওয়া হলে পরীক্ষার পর চিকিৎসক শিশুটিকে অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত করেন।
এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছিল।
চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে আজ দুপুর ১২টায় র্যাব-১৪ এর অধিনায়ক প্রেস ব্রিফিং করবেন বলে জানা গেছে।

