বুধবার

৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির হাটে চাঁদাবাজি ঠেকাতে কঠোর অবস্থানে সরকার: প্রতিমন্ত্রী

🕙 প্রকাশিত : ৬ মে, ২০২৬ । ৬:৫১ পূর্বাহ্ণ

আসন্ন কোরবানিকে সামনে রেখে দেশের পশুর হাটগুলোতে চাঁদাবাজি কোনোভাবেই সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (৬ মে) সকালে রাজধানীর গাবতলি পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে থাকবে। এ ধরনের কোনো অনিয়মের খবর পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, কোরবানিকে ঘিরে যানজট নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আগাম পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রেললাইন ও সড়কের পাশে কোনোভাবেই পশুর হাট বসাতে দেওয়া হবে না। পশু পরিবহনের সময় যাতে মানুষের ভোগান্তি কমে এবং যানজট সৃষ্টি না হয়, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন বলে জানান প্রতিমন্ত্রী। পুলিশের পাশাপাশি র‍্যাব ও সেনাবাহিনীও মাঠে থাকবে। এছাড়া হাট ব্যবস্থাপনায় সহায়তার জন্য ইজারাদারদের নিজস্ব স্বেচ্ছাসেবক দল কাজ করবে।
মীর শাহে আলম বলেন, বিভিন্ন পক্ষের দেওয়া সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইজারাদার ও প্রশাসনের সমন্বয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।
তিনি আরও জানান, হাট এলাকায় ওয়াচটাওয়ার স্থাপন এবং জাল টাকা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ