মঙ্গলবার

১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সামাজিক সচেতনতা ছাড়া উন্নয়ন টেকসই নয়: এমপি শান্ত

🕙 প্রকাশিত : ১৯ মে, ২০২৬ । ১২:৫৯ অপরাহ্ণ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সামাজিক সম্পর্ক ও পারিবারিক বন্ধন জোরদার করাও অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (১৯ মে) সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ওয়ারিশান সংক্রান্ত বিরোধের কারণে প্রায়ই ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে সামাজিক সচেতনতা ও পারিবারিক বন্ধন গড়ে তুলতে হবে।”

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভার্চুয়ালি সারাদেশে ভূমি সেবা মেলার উদ্বোধন ঘোষণা করলে সিংগাইরেও আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রম শুরু হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা ভূমি অফিস ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহারের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।

তিনি আরও বলেন, “এ অঞ্চলের ফসলি জমির মাটি বিক্রি বর্তমানে বড় সমস্যায় পরিণত হয়েছে। জমির মালিক মাটি বিক্রি না করলে অন্য কারও পক্ষে তা কেনা সম্ভব নয়। বাড়ি নির্মাণ ও পুকুর খননের ক্ষেত্রেও দেশে প্রচলিত আইন রয়েছে। সবাইকে আইন মেনে চলতে হবে।”

সভায় বক্তব্য রাখেন সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মফতেজুর রহমান খান বিবেক, সাব-রেজিস্ট্রার মোছা. মাহমুদা খাতুন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, সেটেলমেন্ট অফিসার শান্তি চাকমা, সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস এবং সেবাগ্রহীতা গোলাম মাওলা প্রমুখ।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত মেলার বিভিন্ন বুথ পরিদর্শন করেন এবং ভূমি অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

ভূমি সেবা মেলা সম্পর্কে সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন জানান, তিন দিনব্যাপী এ মেলায় অনলাইনভিত্তিক ভূমিসেবা ও পরামর্শ প্রদানের জন্য উপজেলার ১১টি ইউনিয়নের পক্ষ থেকে পৃথক বুথ স্থাপন করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি জরিপ অফিস একই মন্ত্রণালয়ের আওতায় আনা গেলে সেবাগ্রহীতাদের হয়রানি অনেকাংশে কমে আসবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ