সিলেটের গোয়াইনঘাটে গভীর রাতে বাড়ির দরজা ভেঙে এক কিশোরীকে তুলে নেওয়ার চেষ্টার ঘটনায় বাধা দিতে গিয়ে দিলারা বেগম (৫৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই কিশোরী।
শনিবার (১৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের বীরমঙ্গল মাটিকাঁপা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম ওই এলাকার মৃত মাহমুদ হোসেনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা হামিদা আক্তার (ছদ্মনাম) নামে ১৪ বছর বয়সী এক কিশোরীর মুখ চেপে ধরে তাকে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় কিশোরীর চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হামিদা আক্তার চিৎকার শুরু করলে তাকে ছুরিকাঘাত করা হয়।
চিৎকার শুনে পাশের কক্ষ থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়ান দাদি দিলারা বেগম। তখন দুর্বৃত্তরা তাকে বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত কিশোরীকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালিয়ে থাকতে পারে।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “গভীর রাতে একটি পরিবারের ওপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

