প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রম জোরদারে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনের আগে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্থাপিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান। পরে তিনি প্রতিবন্ধী শিশুদের উন্নত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি (জোনায়েদ সাকি), সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সভায় সভাপতিত্ব করেন মো. কামরুজ্জামান চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

