মানিকগঞ্জে ব্র্যাক নার্সারির উদ্যোগে “আধুনিক পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা” শীর্ষক একদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচি মানিকগঞ্জ সদর উপজেলার কৈট্টা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষকরা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, উপযুক্ত মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া চারা রোপণের সঠিক সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়। একই সঙ্গে পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ এবং বাজারজাতকরণ কৌশল নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাসির মাহমুদ। ব্র্যাক নার্সারির পক্ষ থেকে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার এ এস এম রিজভী এবং নয়াডিঙ্গি ব্র্যাক নার্সারির ম্যানেজার মোহাম্মদ সাগর আলী।
প্রশিক্ষণে নাসির মাহমুদ বলেন, আধুনিক ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে পেঁপে চাষ অত্যন্ত লাভজনক হতে পারে এবং এর মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
ঘিওর থেকে আগত কৃষক মো. দেলোয়ার মিয়া বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে অনেক কিছু শিখেছি। আগে একবার পেঁপে চাষ করে ক্ষতির মুখে পড়েছিলাম। এখন আবার নতুনভাবে শুরু করার আত্মবিশ্বাস পেয়েছি।”
অন্য এক প্রশিক্ষণার্থী মো. শহিদুল বলেন, “সঠিক পদ্ধতিতে পেঁপে চাষ করলে কম খরচে লাভবান হওয়া যায়—এটা আগে জানা ছিল না। এই প্রশিক্ষণ আমাদের জন্য খুবই উপকারী।”
অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ তাদের বাস্তব সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজক সংস্থা ব্র্যাক নার্সারির কর্মকর্তারা জানান, পেঁপে চাষে সঠিক প্রযুক্তির ব্যবহার, রাসায়নিকের যথাযথ প্রয়োগ এবং রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

