রবিবার

১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অচাষকৃত উদ্ভিদ মেলা ও লোকজ রান্না উৎসব

🕙 প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬ । ১:০৮ অপরাহ্ণ

হারিয়ে যেতে বসা অচাষকৃত শাক-উদ্ভিদ ও লোকজ খাদ্যসংস্কৃতি নতুন করে তুলে ধরতে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘অচাষকৃত উদ্ভিদ মেলা ও স্থানিক রান্না উৎসব’।

আজ শনিবার মধ্য পুটাইল এলাকার কালিগঙ্গা নদীর তীরে এএলসি সেন্টার প্রাঙ্গণে উদ্যমী নারী সংগঠনের উদ্যোগে এবং গ্রিন কোয়ালিশন ও বারসিকের সহযোগিতায় এ আয়োজন করা হয়। এতে স্থানীয় কৃষক, পরিবেশবাদী ও তরুণদের অংশগ্রহণ ছিল।

মেলায় বথুয়া, গিমা, হেলেঞ্চা, কাটানটে, কচু ও থানকুনিসহ অর্ধশতাধিক অচাষকৃত শাক ও ভেষজ উদ্ভিদ প্রদর্শন করা হয়। পাশাপাশি ‘স্থানিক রান্না উৎসবে’ এসব উপাদান দিয়ে তৈরি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ইয়াসমিন, রওশান আরা, তানিয়া আক্তার ও রিজিয়া বেগম জানান, বিষমুক্ত ও পুষ্টিকর খাদ্যের উৎস হিসেবে এসব উদ্ভিদকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই আয়োজনের লক্ষ্য।

দিনব্যাপী কর্মসূচিতে ছিল উদ্ভিদ চেনা, দেশীয় শত ফসলের বীজ বিনিময়, নবীন-প্রবীণ সংলাপ, কৃষক সংগঠক মধুমালা বেগম স্মরণসভা ও গ্রিন কোয়ালিশন কমিটি গঠন।

সভায় শিক্ষক মীর্জা ইস্কান্দার, কৃষাণি সংগঠক
রহিমা বেগম, বারসিক কর্মকর্তা বিমল চন্দ্র রায়, শিমুল কুমার বিশ্বাস, নজরুল ইসলাম, শিবানী চক্রবর্তী, সুবীর সরকার ও গাজী শাহাদাত হোসেন বাদল বক্তব্য দেন।

পরে আবুল বাশার আব্বাসীকে আহ্বায়ক, রৌশনারা বেগমকে সদস্য সচিব ও নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে পুটাইল ইউনিয়ন গ্রিন কোয়ালিশন কমিটি গঠন করা হয়।

শেষে প্রবীণ কৃষকদের সম্মাননা প্রদান করা হয়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন বাড়লে বিষমুক্ত খাদ্যাভ্যাস ও লোকজ জ্ঞান সংরক্ষণে নতুন গতি আসবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ