দেশের শিক্ষকদের জন্য দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। প্রায় ১৭ বছর পর শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।
সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধি করা হয়নি। তবে চলতি বছরে এই ভাতা ১০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আসন্ন ঈদুল আজহার আগেই তা বাস্তবায়নের চেষ্টা চলছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে এবং দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পে-স্কেল কাঠামো নিয়েও আলোচনা চলছে। রাজধানীর বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, উৎসব ভাতা বৃদ্ধি এবং পে-স্কেল পুনর্বিন্যাস বাস্তবায়িত হলে শিক্ষকদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং পেশার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।

