রবিবার

৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর বৈঠকে ব্যবসায়ীদের দাবি—নিরবচ্ছিন্ন জ্বালানি ও বিনিয়োগবান্ধব পরিবেশ

🕙 প্রকাশিত : ৪ এপ্রিল, ২০২৬ । ২:০৮ অপরাহ্ণ

দেশের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তাসহ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি ও বিনিয়োগের প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

এছাড়া বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালু, বিমানবন্দরে হয়রানি কমানো এবং বিনিয়োগকারীদের সহজে দেশে প্রবেশের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার এবং করের আওতা সম্প্রসারণের ওপরও জোর দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর ওপর করের চাপ না বাড়িয়ে কর ব্যবস্থাকে আরও বিস্তৃত করার পরামর্শ দেওয়া হয়।

মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে গভীর সমুদ্রবন্দর চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

বৈঠকে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ