জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের স্কুলগুলোতে সশরীরে পাঠদানের পাশাপাশি অনলাইন ক্লাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, জ্বালানি সংকট শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নয়, এটি একটি বৈশ্বিক সমস্যা। এই পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত হওয়ায় শিক্ষা ব্যবস্থায় বিকল্প পদ্ধতি নিয়ে ভাবছে সরকার। তিনি জানান, স্কুলগুলোতে অনলাইন ও অফলাইন মিলিয়ে ‘ব্লেন্ডেড’ পদ্ধতিতে পাঠদান চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে সপ্তাহে পাঁচ দিন ক্লাস হলেও বিভিন্ন কারণে কিছু ক্লাসের ক্ষতি হয়েছে। সেই ঘাটতি পূরণে সপ্তাহে ছয় দিন ক্লাস নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে। পাশাপাশি জ্বালানি সাশ্রয়ের বিষয়টি মাথায় রেখে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, একটি জরিপে প্রায় ৫৫ শতাংশ মানুষ অনলাইন ক্লাসের পক্ষে মত দিয়েছে। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে, তাই সবদিক বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে প্রস্তাবটি মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয় সংক্রান্ত ওই বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

