দেশে তথাকথিত ‘মব কালচার’ বা গণপিটুনি ও বিশৃঙ্খল সহিংসতার ঘটনা আর সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ কিংবা জনসমাবেশের আড়ালে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আলোচনার সময় রুমিন ফারহানা পূর্ববর্তী সরকারের আমলে গুম ও বিচারবহির্ভূত হত্যার প্রসঙ্গ তুলে ধরে বর্তমান সময়ের ‘মব কালচার’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত এ ধরনের ঘটনায় আনুমানিক ২৫০ থেকে ৩০০ জন নিহত হয়েছেন। এছাড়া ২১ ফেব্রুয়ারির একটি ঘটনায় নিজেও ভুক্তভোগী হয়েছেন বলে জানান তিনি এবং এ প্রবণতা ঠেকাতে সরকারের কার্যকর পদক্ষেপ জানতে চান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে—দেশে কোনো ধরনের মব কালচার চলতে দেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সড়ক অবরোধের যে প্রবণতা দেখা গিয়েছিল, সেটিও আর বরদাস্ত করা হবে না।
মব সহিংসতা ও সংগঠিত অপরাধের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সব ধরনের সহিংস ঘটনাকে মব বলা ঠিক নয়। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় পরিকল্পিত হামলা ও ভাঙচুরকে সুসংগঠিত অপরাধ হিসেবে বিবেচনা করা হয় এবং এ ধরনের ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হয়।
তিনি আরও বলেন, জনগণের দাবি থাকতেই পারে, তবে তা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে উপস্থাপন করতে হবে। স্মারকলিপি প্রদান, সেমিনার আয়োজন বা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে মত প্রকাশের অধিকার সবার রয়েছে। একই সঙ্গে সরকার বাকস্বাধীনতা ও সংগঠনের অধিকার নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি।

