রবিবার

২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত রাজশাহী মেডিকেলের পরিচালককে : স্বাস্থ্যমন্ত্রী

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ১১:৪৬ পূর্বাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালের পরিচালককে নিয়ে কঠোর মন্তব্য করেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চিকিৎসার নৈতিকতা বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১১ দিনে রাজশাহী মেডিকেলে ৩৩ জন শিশু মারা গেছে। অথচ হাসপাতালের পরিচালক আমাদের জানাননি যে তার কাছে ভেন্টিলেটর নেই। তাকে ফাঁসির কাষ্ঠে চড়ানো উচিত।”

তিনি আরও বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে মিডিয়ায় প্রকাশিত তথ্যের সত্যতা প্রমাণিত হয়েছে। এ ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

সরকারি প্রক্রিয়ার জটিলতার কারণে জরুরি চিকিৎসা সরঞ্জাম দ্রুত কেনা কঠিন জানিয়ে মন্ত্রী বলেন, সংকট মোকাবিলায় ব্যক্তিগত উদ্যোগে ভেন্টিলেটর সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির সহযোগিতায় জরুরি ভিত্তিতে তিনটি ভেন্টিলেটর কেনা হচ্ছে এবং আরও দুটি সংগ্রহের চেষ্টা চলছে।

অনুষ্ঠানে চিকিৎসকদের পেশাগত নৈতিকতা নিয়ে কথা বলতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীরা চিকিৎসকদের ওপর ঈশ্বরের মতো আস্থা রাখে, তাই তাদের আচরণ ও সেবায় সর্বোচ্চ দায়িত্বশীল হতে হবে।

তিনি আরও বলেন, অনেক সময় অতিরিক্ত চাপ ও ক্লান্তির কারণে চিকিৎসা কাজে ভুল হয়, যা রোগীদের জন্য মারাত্মক হতে পারে—এ বিষয়ে চিকিৎসকদের আরও সতর্ক থাকা উচিত।

চিকিৎসকদের বিরুদ্ধে ওঠা অনৈতিক আচরণের অভিযোগ নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং পেশাগত শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

এছাড়া আধুনিক চিকিৎসা জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিয়মিত মেডিকেল জার্নাল পড়া, প্রশিক্ষণ গ্রহণ এবং নতুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপডেট থাকা জরুরি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ