ফ্রান্সপ্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী জয়া বর্মণ ও সংগীতশিল্পী সমরজিৎ রায়ের নতুন মৌলিক গান ‘মনঘুড়ি’ প্রকাশ পেয়েছে। ৫ সেপ্টেম্বর গানটি প্রকাশিত হয়েছে সমরজিৎ রায়ের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। একই সঙ্গে Apple Music, Spotify-সহ বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন মিউজিক প্ল্যাটফর্মেও গানটি পাওয়া যাচ্ছে। রোমান্টিক ঘরানার বাংলা আধুনিক এই গানটির কথা লিখেছেন সঞ্জয় রায়। সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ রায়। এর আগে গানটির মিউজিক ভিডিওর কাজ সম্পন্ন হয়।
নিজের প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতি জানিয়ে সংগীতশিল্পী জয়া বর্মণ বলেন, ‘গানটি খুব মিষ্টি। আমার ভারি পছন্দের। ঠিক এমন একটি গান ও কম্পোজিশনের অপেক্ষায় ছিলাম এত দিন। সমরজিৎ দা অসাধারণ কম্পোজিশন করেছেন। পাশাপাশি সঞ্জয় দা খুব ভালো লিরিক লিখেছেন। সব মিলিয়ে গানটি আমাদের সবার খুব প্রিয়। গানটি নিয়ে আমরা অনেক আশাবাদী। আশা করি, শ্রোতাদেরও খুব ভালো লাগবে।’
নতুন গানটি নিয়ে সমরজিৎ রায় বলেন, ‘আমি চেষ্টা করেছি শ্রোতাদের জন্য খুব চমৎকার একটি গান উপহার দেওয়ার। ভীষণ মিষ্টি কথা ও সুরের রোমান্টিক দ্বৈত কণ্ঠের এই গানটি আশা করছি সবারই অনেক পছন্দ হবে।’
রোমান্টিক কথা, সুর এবং দুই শিল্পীর দ্বৈত কণ্ঠের মেলবন্ধনে তৈরি হয়েছে ‘মনঘুড়ি’। ইতিমধ্যে দেশ-বিদেশের শ্রোতারা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি শুনতে পারছেন।
এর আগে সম্প্রতি বাংলাদেশ ঘুরে গেছেন শিল্পী জয়া বর্মণ। গান ও মিউজিক ভিডিওয়ের রেকাডিংয়ের পাশাপাশি তিনি দেশের বেশ কিছু টেলিভিশনে একক সংগীত পরিবেশন করেছেন, যা সুধী মহলে খুবই প্রশংসিত হয়েছে। প্যারিসের মেয়ে জয়ার বাংলা লোকসংগীত ঘিরে বাংলাদেশের বেশ কিছু দৈনিক পত্রিকা, অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া সাক্ষাৎকার ও সচিত্র ফিচার করেছেন, যা দেশ-বিদেশে বেশ সাড়া ফেলেছে। এর মধ্যে মাছরাঙা টিভির ‘রাঙা সকাল’, বাংলা ভিশনে ‘দিন প্রতিদিন’, চ্যানেল ওয়ানে ‘বিনোদন আড্ডা’ উল্লেখযোগ্য।
প্রকাশ হলো জয়া ও সমরজিতের ‘মনঘুড়ি
🕙 প্রকাশিত : ৭ সেপ্টেম্বর, ২০২৬ । ৮:১৯ এএম

