দৌলতপুরে ঔষধের অনিয়ম প্রতিরোধে মোবাইল কোর্টে ২ ফার্মেসি মালিককে অর্থদণ্ড

🕙 প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ । ১:৩৩ পিএম

মানিকগঞ্জের দৌলতপুরে ঔষধের অনিয়ম ও ভেজাল প্রতিরোধে এক বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। উপজেলার বৈন্যা বাজার এলাকায় উপজেলা প্রশাসন এবং ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের যৌথ সমন্বয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট, ২০২৬) বৈন্যা বাজারের বিভিন্ন ঔষুধের দোকানে এই ঝটিকা অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে বাজার এলাকার দুটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ মজুত রাখা এবং বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শিত ফিজিশিয়ান স্যাম্পল (Physician Sample) জব্দ করা হয়।

​মেয়াদোত্তীর্ণ ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণের অপরাধে “ঔষধ ও কসমেটিক আইন ২০২৩” এর ৪০(খ) এবং ৪০(গ) ধারায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট দুই (০২) ফার্মেসিকে মোট ৯,০০০/- (নয় হাজার) টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করেন উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা।

​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার সিলভিয়া স্নিগ্ধা জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে কোনো ধরনের নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ যেন বিক্রি হতে না পারে, সে বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থ ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​অভিযানকালে মানিকগঞ্জ জেলা ঔষধ প্রশাসনের কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ