মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার উদ্যোগে সাটুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রখালী খাল খনন কাজ সম্পূর্ণভাবে শেষ হয়েছে। খালটির নতুন জীবন ফিরে পাওয়ায় এবং চলতি ভরা মৌসুমে পর্যাপ্ত পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় উল্লাসে মেতে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এই আনন্দকে বরণ করে নিতে খালের বালিয়াটি ইউনিয়ন অংশে এক মনোরম নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দীর্ঘদিন পর খালে এত পানি আসা ও ঐতিহ্যবাহী এই আয়োজনে উৎফুল্ল হয়ে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় প্রবীণ ব্যক্তিত্ব মোহাম্মদ ফজলুল হক আবেগপ্লুত হয়ে বলেন, “দীর্ঘদিন পর আমাদের এই চন্দ্রখালী খালে এত পানি দেখে আমরা অভিভূত। এখন খালের স্বচ্ছ পানিতে গ্রামের মানুষ আনন্দে গোসল করছেন, মাছ ধরছেন। আজ এই নৌকা বাইচের আয়োজন আমাদের মাঝে ঈদ উৎসবের আনন্দ এনে দিয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব আমাদের রিতা আপার, যাঁর আন্তরিক উদ্যোগে এই খালটি খনন করা হয়েছে।”
এই প্রাণবন্ত ও আনন্দঘন অনুষ্ঠানটি আয়োজন এবং পরিচালনা করেন সাটুরিয়া উপজেলা কৃষকদলের সভাপতি বরকত মল্লিক। আয়োজনে উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেল চারটা থেকে শুরু হয়ে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ উপভোগ করতে খালের দুই পাড়ে হাজারো উৎসুক মানুষের ঢল নামে। আনন্দ আর উল্লাসে পুরো এলাকা এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়।
চন্দ্রখালী খালের প্রাণফিরে পাওয়া উদযাপনে সাটুরিয়ায় জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ
🕙 প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬ । ১২:৪৮ পিএম

