বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও বায়ুদূষণের কারণে ঢাকার বাতাসের মান আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বায়ুদূষণের তালিকায় বিশ্বের শহরগুলোর মধ্যে ঢাকা চতুর্থ অবস্থানে রয়েছে।
ঢাকার বায়ুমান স্কোর ১২৬। এই মাত্রার বায়ু সংবেদনশীল মানুষের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এর আগের দিন সোমবার ঢাকার বাতাসের মান ছিল মাঝারি।
বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সূচকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিশ্বের দূষিত শহরের তালিকায় ১৬১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে কাতারের রাজধানী দোহা। ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা।
১২৬ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। এরপর দূষণের তালিকায় রয়েছে মালয়েশিয়ার কুচিং, ভারতের দিল্লি ও কসোভোর প্রিস্টিনাসহ বিভিন্ন শহর।
বায়ুমানের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোর পর্যন্ত বাতাসের মান ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর পর্যন্ত বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ পর্যন্ত খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোর হলে বায়ুর মান দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

