মুক্তির প্রায় এক সপ্তাহ আগেই ভারতে অগ্রিম টিকিট বিক্রিতে নতুন মাইলফলক গড়েছে টম হল্যান্ড অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। দেশটির প্রধান মাল্টিপ্লেক্স চেইনগুলোতে প্রথম দিনের প্রদর্শনীর জন্য ইতোমধ্যে দুই লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
বক্স অফিস বিশ্লেষকদের তথ্যমতে, ভারতের জাতীয় মাল্টিপ্লেক্স চেইন পিভিআর, ইনক্স ও সিনেপোলিসে সিনেমাটির উদ্বোধনী দিনের টিকিট বিক্রি দুই লাখের ঘর অতিক্রম করেছে।
অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথমে ৮০ হাজার এবং পরে দেড় লাখ টিকিট বিক্রির রেকর্ড গড়েছিল ছবিটি। মাত্র কয়েক দিনের ব্যবধানে সেই সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যাওয়ায় বিশ্লেষকদের ধারণা, উদ্বোধনী সপ্তাহান্তে টিকিট বিক্রি পাঁচ লাখেরও বেশি হতে পারে।
ভারতে ছবিটি ৩০ জুলাই মুক্তি পাবে, যা যুক্তরাষ্ট্রে নির্ধারিত মুক্তির একদিন আগে। নিজ দেশে বিশ্বমুক্তির আগেই সিনেমাটি দেখার সুযোগ পাওয়ায় ভারতীয় দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে।

