মতিঝিলে বোমা উদ্ধারের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও নিরাপত্তা জোরদারের দাবি জামায়াতের

🕙 প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬ । ৭:৩৫ এএম

রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। শনিবার (২৫ জুলাই) দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা। দেশবিরোধী এ ধরনের তৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার তাগিদ দেন তিনি।

তিনি আরও উল্লেখ করেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব। এজন্য মেট্রোরেল স্টেশনসহ দেশের সব গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানান জামায়াত নেতা। একই সাথে বোমা নিষ্ক্রিয় করার সময় স্প্লিন্টারের আঘাতে আহত পথচারীর প্রতি সমবেদনা জানিয়ে তাঁর উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

ঘটনার পেছনে থাকা পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের নাশকতা ঠেকাতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

বিবৃতির শেষাংশে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জীবন-সম্পদের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে যেকোনো ধরনের উসকানি ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ