প্রেম নয়, সম্মান আর যত্নেই খুঁজছেন জীবনসঙ্গী: জানালেন তটিনী

🕙 প্রকাশিত : ২৭ জুন, ২০২৬ । ৭:০৩ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী বর্তমান সময়ের তরুণ দর্শকদের অন্যতম পছন্দের মুখ। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন, বিশেষ করে প্রেম ও বিয়ে নিয়ে ভক্তদের আগ্রহও কম নয়। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের সম্পর্ক ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

তটিনী স্পষ্টভাবে জানান, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। উপযুক্ত মানুষ খুঁজে পেলেই বিয়ের সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি।

এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। তবে সেই বিষয়েও আগের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন তটিনী। তিনি বলেন, ইয়াশ রোহান তার খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নন।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন। এটা আমি অনেকবার বলেছি। যদি সত্যিই কোনো প্রেম থাকত, তাহলে বিষয়টি আমি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এ নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই সবাই নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।”

ভবিষ্যতের জীবনসঙ্গী কেমন হতে হবে—এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, তিনি এমন একজন মানুষ চান, যিনি তাকে, তার পরিবার ও পেশাকে সম্মান করবেন এবং ভালো রাখবেন।

তার ভাষায়, “বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে আমাকে প্রপার সম্মান দেবে, আমার প্রফেশনকে ও পরিবারকে ভালোবাসবে। আমার মনে হয়, জীবনে শুধু ভালোবাসার মানুষ না, ভালো রাখার মানুষ খুব দরকার।”

তিনি আরও বলেন, একটি সম্পর্কে শুধু আবেগ নয়, পারস্পরিক সম্মান ও মানসিক শান্তিও গুরুত্বপূর্ণ। “আপনি কাউকে অনেক ভালোবাসলেন, কিন্তু সে যদি আপনাকে সম্মান না দেয়, তাহলে সেখানে শান্তি থাকে না,”—যোগ করেন অভিনেত্রী।

বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার বেশ কয়েকটি নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি মুক্তি পাওয়া সাজ্জাদ হোসেন বাপ্পি পরিচালিত এবং খাইরুল বাশারের সঙ্গে অভিনীত ‘সুতরাং’ নাটকটিও দর্শকমহলে বেশ সাড়া ফেলেছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ