ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত লরিতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত লরি চালক মো. জামাল উদ্দিনের (৫৬) মরদেহ চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার ফারদিন মডেল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি লরি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জামাল উদ্দিন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার উত্তর চর আইচা এলাকার মৃত মুনাফ বেপারীর ছেলে।
চালকের সহকারী বেলাল হোসেন জানান, ভোর প্রায় ৩টার দিকে সিলেটের শেরপুর থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে লরিটি। ব্রাহ্মণবাড়িয়ার উজানিসার ব্রিজ এলাকায় পৌঁছালে সরু সড়কের কারণে গাড়ির গতি কমে যায়। এ সময় ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে লরিতে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা প্রথমে লরির সামনের গ্লাস ভাঙচুর করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে চালক জামাল উদ্দিনকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে।
বেলাল হোসেন আরও জানান, গুরুতর আহত অবস্থাতেও চালক তাকে কোথাও না থেমে গাড়ি চালিয়ে যেতে বলেন। আতঙ্কিত অবস্থায় তিনি লরিটি চালিয়ে ফেনী পর্যন্ত পৌঁছান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথেই জামাল উদ্দিনের মৃত্যু হয়। পরে অন্যান্য চালকদের সহায়তায় লরিটি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের ফারদিন মডেল পাম্প এলাকায় নিয়ে আসা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে। যেহেতু ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় ঘটেছে, তাই সংশ্লিষ্ট থানা পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করবে।

